বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন যুগান্তর ও সমকালের ব্যুরোপ্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
দৈনিক সমকালের বর্তমান অফিসপ্রধান সুমন চৌধুরী বললেন, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। তিনি প্রায়ই দিনে ও রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। তিনি দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। আজ সন্ধ্যায় অফিসে এসে সুমন দেখেন, ভেতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এ সময় দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার মন্তব্য করেন, তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। ঘটনা শোনার পর পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবার উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করবে পুলিশ।


























