বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা-ব্রাজিল, তবে ওয়েসলির চোখে অশ্রু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:২৫ পিএম
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা-ব্রাজিল, তবে ওয়েসলির চোখে অশ্রু

 

বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে নিজেদের শেষ প্রস্তুতিতে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ব্রাজিলের জয় আনন্দের হলেও সেই আনন্দে মিশেছে তরুণ ডিফেন্ডার ওয়েসলির চোটের শঙ্কা।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকার প্রতিনিধি মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল দুটি করেন ব্রুনো গিমারেস ও তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।

কিন্তু ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ওয়েসলিকে ঘিরে। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ২২ বছর বয়সী এই রাইটব্যাক ম্যাচের মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। বেঞ্চে ফিরে নিজের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তরুণ এই ডিফেন্ডার। সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যরা তখন তাকে সান্ত্বনা দেন।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, ওয়েসলির শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে। এরপরই তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কোচ স্পষ্ট করে বলেন, প্রয়োজনে তার বিকল্প খেলোয়াড় দলে রয়েছে।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্বে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। এর আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল আনচেলত্তির শিষ্যরা। এখন তাদের চোখ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দিকে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

অন্যদিকে টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই ম্যাচে মাঠে নামেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সামান্য শারীরিক অস্বস্তির কারণে তাকে বিশ্রামে রাখা হয়। পুরো ম্যাচ বেঞ্চ থেকেই দেখেছেন অধিনায়ক।

তবে মেসি না খেললেও আর্জেন্টিনার পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়েনি। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। মার্তিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর কোচ লিওনেল স্কালোনি একসঙ্গে চারটি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দেরও সুযোগ দেন। যদিও শেষদিকে আর কোনো গোল হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার আর একটি প্রস্তুতি ম্যাচ বাকি। ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনির দল। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

বিশ্বকাপের আগে তাই একদিকে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল, অন্যদিকে ওয়েসলির চোট সেলেসাও শিবিরে তৈরি করেছে নতুন উদ্বেগ। এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে ওঠার আগে ব্রাজিলের এই তরুণ ডিফেন্ডার সুস্থ হয়ে ফিরতে পারেন কি না।

Link copied!