যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি জনপ্রিয় উৎসবের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের আশপাশে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করে টলেডো পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল থাকলেও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের বয়স ১৬ থেকে ৬১ বছরের মধ্যে।
টলেডো পুলিশের ডেপুটি প্রধান জো জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তবে পুরো ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে গুলির শব্দ শোনার পর উৎসবে অংশ নেওয়া মানুষকে আতঙ্কিত অবস্থায় দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে। যদিও ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকিয়েভিচ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা আশাবাদী।
ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল টলেডোর অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। ঐতিহাসিক এই উৎসবে প্রতিবছর হাজারো মানুষ অংশ নেন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে লাইভ সংগীত, খাবারের স্টল, কেনাকাটা, ঐতিহ্যবাহী বাড়ি পরিদর্শনসহ নানা আয়োজন ছিল।
ঘটনার পর ডেলাওয়ার অ্যাভিনিউ ও রবিনউড অ্যাভিনিউ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে কয়েকজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গ্রীষ্মকালীন উৎসবগুলো পরিবার ও শিশুদের জন্য নিরাপদ এবং আনন্দময় পরিবেশ হওয়া উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশা ব্যক্ত করেন।
গোলাগুলির ঘটনার পর উৎসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে।










![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









