ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে আইনজীবীর উপস্থিতিতে স্বশরীরে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি।
হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সময় বৃদ্ধির আবেদনসংবলিত চিঠি তারা পেয়েছেন। তবে নির্ধারিত সময় ছিল রোববার বিকেল ৫টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে জানতে চাওয়া হয়, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না।
হাসপাতালের প্রধান ফটকে নোটিশ টানিয়ে দেওয়ার পাশাপাশি জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ বিকেল ৫টায়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



































