ফ্রিতে টিকিট দিয়ে এখন টাকা দাবি ফিফার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:১১ এএম
ফ্রিতে টিকিট দিয়ে এখন টাকা দাবি ফিফার!

বিশ্বকাপের টিকিট যেখানে সোনার হরিষের চেয়েও বেশি কিছু, সেখানে ফ্রি টিকিট! এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে আসন্ন ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির সময়। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে অন্তত ৬০ জন ফুটবল সমর্থক কোনো টাকা ছাড়াই বিশ্বকাপের টিকিট পেয়ে যান!

ফিফা অবশ্য দ্রুতই এই ভুল বুঝতে পেরে টিকিটগুলো বাতিল করেছে। তবে সমর্থকদের একেবারে হতাশ না করে, নির্ধারিত মূল্যে সেই টিকিটগুলো আবার কিনে নেওয়ার সুযোগ দিয়েছে সংস্থাটি।

টিকিট বিক্রির ভুলত্রুটি নিয়ে আলোচনা করা সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাকাউন্ট ‘টিকিট টক নেটওয়ার্ক’ প্রথম এই ঘটনাটি সামনে আনে। তারা ফিফা কর্তৃক ভুক্তভোগী সমর্থকদের পাঠানো একটি চিঠি প্রকাশ করেছে।

চিঠিতে ফিফা স্বীকার করেছে যে, গত বুধবার (৩ জুন) পেমেন্ট গেটওয়ের চেকআউট প্রক্রিয়ায় এক সিস্টেম জটিলতার কারণে এই ৬০ জন সমর্থকের অ্যাকাউন্টে ‘বিনামূল্যে’ বা জিরো ব্যালেন্সে টিকিট বরাদ্দ হয়ে যায়। জানা গেছে, ভুলবশত ফ্রি হয়ে যাওয়া এই টিকিটগুলো ছিল মূলত কানাডার টরন্টো শহরের গ্রুপ পর্বের ম্যাচগুলোর।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা নিশ্চিত করছি যে পেমেন্ট জটিলতার কারণে প্রায় ৬০ জন সমর্থক বিনামূল্যে টিকিট পাওয়ার একটি বার্তা পেয়েছিলেন। এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের জন্য ফিফা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।"

ভুলটি ফিফার নিজস্ব ওয়েবসাইটের হলেও, বিনামূল্যে বিশ্বমঞ্চের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না সেই ভাগ্যবান সমর্থকেরা। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, টিকিটগুলো তাদের অ্যাকাউন্টে ধরে রাখতে হলে আগামী ৭ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে টিকিটগুলো অ্যাকাউন্ট থেকে চিরতরে বাতিল করা হবে।

আগামী ১১ জুন বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে ফুটবল বিশ্বের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। টরন্টোসহ মোট ১৬টি আয়োজক শহরে বসবে এবারের বিশ্বকাপের আসর। শেষ মুহূর্তের এই টিকিট বিতর্ক সামাল দিয়ে মাঠের খেলায় কতটা নিখুঁত আয়োজন উপহার দিতে পারে ফিফা, এখন সেটাই দেখার বিষয়।

Link copied!