বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম, রুবেলরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৪১ পিএম
বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম, রুবেলরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটাধিকার প্রয়োগ করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার (ক্যাটাগরি-২) কাউন্সিলর হিসেবে ভোট দেন তামিম। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে তিনি শুধু ভোটার নন, পরিচালক পদপ্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিচ্ছেন।

তামিমের পাশাপাশি ভোট দিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু। বিসিবি কার্যালয়ে ভোট দিতে দেখা গেছে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও।

গত বছর বিভিন্ন অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্তের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করে।

এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ছিল কমিটির অন্যতম প্রধান দায়িত্ব।

সে লক্ষ্যেই ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে বিতর্কও রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির কয়েকজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হতে পারে।

Link copied!