ভারতের কাছে মুকুট হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:২০ পিএম
ভারতের কাছে মুকুট হারাল বাংলাদেশ

হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। তবে যে ভয়টা ছিল, শেষ পর্যন্ত হলো সেটাই। স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো ঋতুপর্ণাদের। শেষ দুই সাফের ফাইনাল উঠতে না পারা ভারত দীর্ঘ সাত বছর পর ফিরে পেল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।

গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবারের ফাইনালে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানের শুরু থেকেই বাংলাদেশ ছিল বড্ড নড়বড়ে। মালদ্বীপের বিপক্ষে জিতলেও ঘাম ঝড়াতে হয়। গ্রুপে শেষ ম্যাচে তো ভারতের কাছে ৩-০ তে আত্মসমর্পণ করতে হয়। গ্রুপ রানার্স-আপ হওয়ায় তাদের সামনে চলে আসে শেষ দুই আসরের ফাইনালের প্রতিপক্ষ নেপাল। এ ম্যাচে নড়বড়ে শুরু করলেও ঋতুপর্ণা চাকমা ও সাগরিকার গোল ২-১-এ জিতে ফাইনালের মঞ্চে পা রাখে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারত ১-০ ব্যবধানে ভুটানকে হারায়।

ফাইনালে সুযোগ ছিল গ্রুপে হারের প্রতিশোধ নেওয়ার। প্রথমার্ধটা পিটার বাটলারের ৪-৪-২ ফরম্যাশনে পরিকল্পিত ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র একাধিক সুযোগ নষ্ট করে হতাশ করেন। ধারার বিপরীতে ভারত ম্যাচে এগিয়ে যায় ৪২ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন পেয়ারি জাজা।

তবে সে লিড স্থায়িত্ব পেয়েছে মিনিট পাঁচেক। যোগ করা সময়ে তহুরার বাড়ানো পাস ঠাণ্ডা মাথায় ডান পায়ের প্লেসিংয়ে দূরের পোস্টে জড়িয়ে দেন সেমিফাইনালে অলিম্পিক গোল করা ঋতুপর্ণা। এর পরেই বেজে ওঠে বিরতির বাঁশি।

বিরতি থেকে ফিরেই গোল হজম করে বাংলাদেশ। ৪৬ মিনিটে শামসুন্নাহার সিনিয়র থামাতে পারেননি পেয়ারি জাজাকে। ডান দিক দিয়ে দ্রুত আক্রমণে উঠে ক্রস ফেলেন। সানফিদার হেড মিলির গ্লাভস ছুঁয়ে সাইড বারে লেগে জালে জড়ালে আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ম্যাচে ফিরতে যে মরিয়া চেষ্টা দরকার ছিল, সেটা আর করতে পারেনি বাংলাদেশ। তাদের পায়ে ভর করেছিল ক্লান্তি। ৮২ মিনিটে আফঈদা খন্দকারের ভুলে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের ভেতরে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি এ সেন্টারব্যাক। তার ক্লিয়ারেন্স পেয়ে এক টোকায় শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড লিন্ডা কম।

Link copied!