মধ্যপ্রাচ্য সংকট নিরসনের বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:৩২ পিএম
মধ্যপ্রাচ্য সংকট নিরসনের বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। সেই উদ্যোগের অংশ হিসেবে শনিবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির কাছে পৌঁছে দেবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে ইসলামাবাদ সম্প্রতি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেও পাকিস্তান দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করেছিল বলে জানা গেছে।

তেহরান সফর প্রসঙ্গে মহসিন নকভি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা ও আনুষ্ঠানিক চিঠি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়াই তার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে পাকিস্তান বর্তমানে আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করছে। তেহরানে মহসিন নকভির এই সফর সেই প্রচেষ্টারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!