বিশ্বকাপ ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৪৫ পিএম
বিশ্বকাপ ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আর বেশি দেরি নেই। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দেশজুড়ে দেখা দিয়েছে সমর্থকদের ব্যাপক উন্মাদনা। সড়কে শোভাযাত্রা, বাড়ি ও ভবনে প্রিয় দলের পতাকা টানানো, দেয়ালচিত্র আঁকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জমে উঠেছে বিশ্বকাপের আলোচনা।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমর্থকরা নিজেদের পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে পোস্ট করছেন, জানাচ্ছেন শুভকামনা। কেউ প্রকাশ করছেন ভবিষ্যদ্বাণী, আবার কেউ মজার ছলে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের খোঁচাও দিচ্ছেন।

গোলাম মোর্শেদ চন্দন এক পোস্টে লিখেছেন, “এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ফ্রান্স, প্রিয় খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। আপনার পছন্দ কোন দল?” অন্যদিকে সাকিব জামাল আর্জেন্টিনাকে নিয়ে মজার ছলে লিখেছেন, “কেউ খাবে সেভেন আপ, আর্জেন্টিনা পাবে বিশ্বকাপ।”

বিশ্বকাপের আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে সৃজনশীলতাও। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন দেশের পতাকার আদলে পোশাক তৈরি কিংবা পরিচিত ব্যক্তিদের প্রিয় দলের জার্সিতে উপস্থাপন করে ছবি পোস্ট করছেন অনেকেই।

ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও পর্তুগালসহ বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ বাক্যযুদ্ধও। কেউ নিজেদের দলের সাফল্যের ইতিহাস স্মরণ করছেন, আবার কেউ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন নতুন করে।

শুধু অনলাইনেই নয়, গ্রাম থেকে শহর—সবখানেই বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। দুই ভাগে বিভক্ত হয়ে প্রিয় দলের সমর্থকরা মাঠে নামছেন, আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সমর্থকদের পোস্টে ফুটে উঠছে তাদের আবেগ ও ভালোবাসা। কেউ আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাচ্ছেন, কেউ ব্রাজিলকে নিজেদের অনুভূতির নাম বলে উল্লেখ করছেন। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও প্রত্যাশা।

Link copied!