চট্টগ্রামের মিরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
রেলওয়ে সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বালুবাহী পিকআপটি রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সামনে পড়ে যায়। তবে শেষ মুহূর্তে চালক গাড়ি থেকে লাফিয়ে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। দুর্ঘটনার পর ট্রেনটি সেখানে না থেমেই গন্তব্যের উদ্দেশে চলে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, একটি অবৈধ ক্রসিং ব্যবহার করে পিকআপটি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ওই এলাকায় অবৈধ পারাপার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার ফলে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। পরে ঢাকামুখী লাইন ব্যবহার করে উভয় দিকের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে চট্টগ্রামমুখী লাইনের মেরামত কাজ দুপুর পর্যন্ত চলছিল।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন এবং স্বাভাবিক ট্রেন চলাচল পুরোপুরি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।











![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









