নারীদের নিরাপদ ও অর্থবহ নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:০৯ পিএম
নারীদের নিরাপদ ও অর্থবহ নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ পরিস্থিতিতে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়।

বুধবার দুপুরে জাতিসংঘের বাংলাদেশ অফিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানায়। পোস্টে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার—এর মধ্যে নারীরা, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ অধিক ঝুঁকিতে থাকা সকলের অধিকার অন্তর্ভুক্ত।

নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষ করে অনলাইন আক্রমণ—নিয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগের প্রতি জাতিসংঘ সচেতন বলে জানায়।
জাতিসংঘ উল্লেখ করে, নারী রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী ও জনজীবন–সংশ্লিষ্ট নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের শিকার হচ্ছেন।

জাতিসংঘ জানায়, তারা দীর্ঘদিন ধরে নারীদের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব অংশীজনের সঙ্গে কাজ করছে এবং নারী ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে সহায়তা করছে।

পোস্টে আরও বলা হয়, ভয়ভীতি, বৈষম্য বা অনলাইন নির্যাতনের আশঙ্কা ছাড়াই নারীসহ সকল ভোটার যেন স্বাধীনভাবে ভোট দিতে ও প্রার্থী হতে পারেন—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক দল, নেতা ও সমর্থকদের প্রতি জাতিসংঘের আহ্বান—
নির্বাচনী প্রক্রিয়ায় কোনো নারী যেন হয়রানি, সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য অপরিহার্য।

জাতিসংঘ বলেছে, নিরাপত্তা, আইনের শাসন ও সকল নাগরিকের অধিকার রক্ষায় বাংলাদেশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলে তারা বিশ্বাস করে।
সবার নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ভবিষ্যতেও সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!