বিশ্বকাপ ফুটবলে নিরাপত্তায় থাকবে রোবট কুকুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:১০ পিএম
বিশ্বকাপ ফুটবলে নিরাপত্তায় থাকবে রোবট কুকুর

মেক্সিকোয় আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে প্রযুক্তির নতুন সংযোজন—রোবট কুকুর। ম্যাচ চলাকালে অপরাধ দমন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা করবে এই চারপেয়ে যান্ত্রিক ইউনিট।

সোমবার মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, টুর্নামেন্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রোবট কুকুর ব্যবহার করা হবে। বিশেষভাবে তৈরি এই ডিভাইসগুলো বিপজ্জনক বা দুর্গম স্থানে প্রবেশ করে সরাসরি ভিডিও সম্প্রচার করতে সক্ষম। ফলে নিরাপত্তা বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

চলতি বছরের ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

মনতেরে মহানগর এলাকাও কয়েকটি ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। গুয়াদালুপে শহরের নগর কাউন্সিল প্রায় ২৫ লাখ পেসো (প্রায় ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার) ব্যয়ে রোবট কুকুরগুলো কিনেছে।

স্থানীয় সরকারের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি রোবট পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে টহল দিচ্ছে এবং সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে সেটি আশপাশের পরিস্থিতি নিরাপত্তা বাহিনীকে দেখাচ্ছে। মহড়ায় এক পর্যায়ে রোবটটি এক সশস্ত্র ব্যক্তির সামনে গিয়ে লাউডস্পিকারের মাধ্যমে তাকে অস্ত্র ফেলতে নির্দেশ দেয়।

গুয়াদালুপের মেয়র হেক্তর গার্সিয়া বলেন, প্রাথমিক হস্তক্ষেপের সময় পুলিশ সদস্যদের ঝুঁকি কমাতে এই রোবটগুলো ব্যবহার করা হবে। সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে আগে রোবট মোতায়েন করা হবে, যাতে মানবিক ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

মনতেরের বিবিভিএ স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামটির নাম হবে ‘এস্তাদিও মনতেরেই’।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!