বাজারে ঝড় তুলছে ‘জেলি বিউটি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫৯ পিএম
বাজারে ঝড় তুলছে ‘জেলি বিউটি’

ছুঁলেই মনে হবে নরম তুলোর মতো, দেখতে একেবারে মিষ্টি জেলির মতো—আর ত্বকে লাগালেই মাখনের মতো মিশে যাচ্ছে। রূপসজ্জার দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত ট্রেন্ড ‘জেলি বিউটি’। অভিনেত্রীদের ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিউটি ইনফ্লুয়েন্সারদের পেজ— সর্বত্রই এই নতুন ফরম্যাটের প্রসাধনীর জয়জয়কার।

এক সময় মেকআপ মানেই ছিল ক্রিম-বেসড পণ্য। পরে জনপ্রিয় হয় সিরাম-ভিত্তিক প্রসাধনী। তবে বর্তমানে সেই জায়গা দখল করছে জেলি-বেসড প্রডাক্ট। হালকা টেক্সচার, দ্রুত শোষণ এবং ত্বকে প্রাকৃতিক আভা—এই তিন গুণেই এগিয়ে রয়েছে জেলি বিউটি।

কেন এত জনপ্রিয় জেলি বিউটি?
বিশেষজ্ঞদের মতে, জেলি বিউটি শুধুই প্রসাধনী নয়, এটি এক ধরনের ‘সেন্সরি এক্সপেরিয়েন্স’। অর্থাৎ, পণ্যটি হাতে নেওয়ার অনুভূতি, ত্বকে লাগানোর অভিজ্ঞতা এবং ব্যবহার-পরবর্তী লুক—সব মিলিয়েই এর আবেদন।

বর্তমানে ময়েশ্চারাইজার, ফেস মাস্ক, ক্লিনজার, আই প্যাচ, ব্লাশ—সব ক্ষেত্রেই জেলি ফর্মুলা জনপ্রিয় হয়ে উঠছে। প্রথমে কোরিয়ান বিউটি ইন্ডাস্ট্রিতে এই ধারা শুরু হলেও এখন বিশ্বজুড়ে এর ব্যবহার বাড়ছে।

আজকের দিনে মেকআপের মূল লক্ষ্য ‘নো-মেকআপ লুক’—অর্থাৎ এমন সাজ, যা দেখে বোঝাই যাবে না মুখে প্রসাধনী ব্যবহার করা হয়েছে। জেলি-বেসড পণ্যগুলি ত্বকের সঙ্গে সহজে মিশে গিয়ে স্বাভাবিক জেল্লা এনে দেয়। পাশাপাশি, এতে হাইড্রেশনের উপর বিশেষ জোর দেওয়া হয়, ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল।

Link copied!