জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৪:০৪ পিএম
জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ
সোহেল রানা ও স্বপ্না আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

 

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভিকটিমের পরিবারের আইনগত উত্তরাধিকারীরা পাবেন। পাশাপাশি, নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিমের পরিবারের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা হয়। তাঁদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয় এবং বেলা ১১টার পর বিচারক রায় পাঠ শুরু করেন।

রায় ঘোষণাকে ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

Link copied!