ফেনীতে ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০৪ পিএম
ফেনীতে ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে ‘তালাক’ দেওয়ার অভিযোগ উঠেছে। স্ত্রীকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছিলেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা ইসমাইল হোসেন কাওসার। অভিযোগ, তার কথা না মেনে ধানের শীষে ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী বিবি জহুরাকে মাগরিবের সময় প্রকাশ্যে ‘মৌখিকভাবে তিন তালাক’ দেন তিনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা কাওসারকে আটক করে রাখেন। পরে তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি কৌশলে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য—জহুরা প্রথমবার ভোটার হওয়ায় তিন সন্তানকে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোট দেন। ঘটনাটি জানতে পেরে কাওসার সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়েই স্ত্রীকে তালাক দেন এবং ঘরে ঢুকতে বাধা দেন।

এ দম্পতির সংসার জীবনে রয়েছে তিন সন্তান—১২, ৮ ও ৪ বছর বয়সী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই স্ত্রী নির্যাতনের শিকার হচ্ছিলেন জহুরা। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশও হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কাওসার আক্রমণাত্মক স্বভাবের এবং অতীতে শ্বশুরকেও মারধর করেছেন।

ঘটনার পর কাওসার পলাতক। তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন জহুরা।

Link copied!