সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
নাছির চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান জানিয়েছেন, রাত আটটা পর্যন্ত ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রের ফল পেয়েছেন তাঁরা। ৮৮টি কেন্দ্রে নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। ৮৮ কেন্দ্রে নাছির চৌধুরী ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে আছেন।
মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। আর নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।
বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।






























