ত্রয়োদশ সংসদ নির্বাচন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:১৩ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে  বৃহস্পতিবার। তার আগে পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও ম্যাগজিনসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ও দিয়ারবাঘইল এলাকায় এই অভিযান চালানো হয় বলে আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

ভোটের মাঠে টাকা লেনদেনসহ অনিয়মের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব
গ্রেপ্তাররা হলেন- ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রাং (৪৭) এবং একই উপজেলার মানিকনগর পশ্চিমপাড়ার মমিনুল ইসলাম খোকন (৩৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে প্রথমে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি ২২ বোর রাইফেল (ম্যাগজিনসহ), একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক এবং বিভিন্ন বোরের মোট ১১৪টি গুলি ও একাধিক ম্যাগজিন তাদের কাছ থেকে জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা মূলত পেশাদার সন্ত্রাসী। তারা এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল। প্রায় এক সপ্তাহ ধরে ডিবি পুলিশের নিবিড় নজরদারীর পর তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো বড় নাশকতার পরিকল্পনা তাদের ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরও জানান।


 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!