ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর থেকে রহস্য আর বেদনার ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। মর্গে পড়ে আছে ইকরার নিথর দেহ, অথচ হাসপাতালে এখন পর্যন্ত দেখা মেলেনি স্বামী আলভী কিংবা তাঁর পরিবারের কারও। সবচেয়ে মর্মস্পর্শী বিষয় হলো, ইকরার একমাত্র সন্তানকেও শেষবারের মতো মায়ের কাছে আনা হয়নি।
ইকরার স্বজনরা জানিয়েছেন, মৃত্যুর খবর পেয়ে তাঁরা আলভীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সেসময় আলভীর পরিবার আশ্বাস দিয়ে বলেছিল, "আসতেছি, একটু পরেই রওনা হচ্ছি — এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব।" কিন্তু সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাসপাতালে তাদের কোনো সদস্যকে দেখা যায়নি এবং যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে নেপালে শুটিংরত অভিনেতা জাহের আলভী স্ত্রীর মৃত্যুর পরও দেশে ফিরতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন, হঠাৎ করে নেপাল থেকে ঢাকাগামী ফ্লাইটের টিকিট না পাওয়ায় দ্রুত রওনা দেওয়া সম্ভব হয়নি। তবে সব ব্যবস্থা করে আজ দুপুরের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ সংবলিত ব্যক্তিগত চ্যাট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের জন্ম দিয়েছে। আজ দুপুরে মর্গ থেকে ইকরার মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।





























