চীনের এক নারীর সামান্য অসাবধানতায় রাতারাতি পুরো আবাসিক এলাকা রূপ নেয় বরফের স্কেটিং মাঠে। গোসল শেষে ওয়াটার হিটারের কল বন্ধ করতে ভুলে যাওয়ায় টানা কয়েক ঘণ্টা পানি বের হতে থাকে, যা তীব্র শীতে জমে বরফে পরিণত হয়।
ঘটনাটি ঘটেছে গ্যানসু প্রদেশের লানঝৌ শহরে। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে। ওয়াং নামের ওই নারী জানান, সোলার ওয়াটার হিটারের ট্যাংক থেকে প্রায় নয় ঘণ্টা ধরে পানি বের হতে থাকে। ভবনের ছাদ থেকে নামা সেই পানি জমে পুরো রাস্তা ঢেকে যায় বরফে।
১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে ওয়াং এলাকাবাসীর কাছে ক্ষমা চান। তিনি বলেন,
‘গত রাতে গোসলের পর কল বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। সকালে উঠে দেখি আমাদের এলাকায় যে বরফের স্কেটিং মাঠ তৈরি হয়েছে, সেটার কারণ আমিই।’
ওয়াং জানান, ভোরের দিকে তাঁর বাবা প্রথমে রাস্তায় জমে থাকা বরফ দেখে ভেবেছিলেন, পানি অন্য কোনো বাসা থেকে এসেছে। পরে বুঝতে পারেন, পানি আসলে তাঁদের বাসা থেকেই বের হচ্ছিল।
পরিস্থিতি সামাল দিতে পরিবারটি দ্রুত ব্যবস্থা নেয়। ওয়াংয়ের মা আশপাশের দোকান থেকে লবণ কিনে বরফ গলানোর চেষ্টা করেন। বাবা ও ওয়াং নিজেরাও রাস্তা পরিষ্কারে নেমে পড়েন। পরে সম্পত্তি ব্যবস্থাপনা কর্মীরাও সহায়তা করেন।
ওয়াং বলেন, ‘আমাদের কারণেই আশপাশের দোকানে লবণ শেষ হয়ে গিয়েছিল। কেউ যদি সেদিন লবণ কিনতে না পেরে থাকেন, তার জন্যও আমি দুঃখিত।’
তিনি আরও জানান, এই ঘটনায় তাঁর বাবার কাছ থেকে কড়া বকুনিও খেতে হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।






































