জিনের ঠিকুজি-কোষ্ঠী বিচার করে রোগের ইতিহাস গড় গড় করে বলে দেবে নতুন এআই টুল ‘আলফাজিনোম’। ক্যানসার থেকে জটিল জিনগত রোগ— আগে থেকেই ধরে ফেলতে নতুন প্রযুক্তি আবিষ্কারের দাবি গুগ্লের।
জিনের তথ্য পড়ে আগে থেকেই রোগ বলে দেবে নতুন এআই টুল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জিনের ঠিকুজি-কোষ্ঠী বিচার করতে পারলেই রোগের ভবিষ্যৎ করায়ত্ত হবে। ক্যানসার থেকে যে কোনও দুরারোগ্য ব্যধি, নখদর্পণে চলে আসবে বিজ্ঞানীদের। কিন্তু জিনের কোষ্ঠী বিচার করা সহজ কাজ নয়। লক্ষ লক্ষ জিনের মধ্যে থেকে তা খুঁজে বার করা সত্যিই দুঃসাধ্য। সেই কাজটি এ বার করবে ‘আলফাজিনোম’। গুগ্লের ডিপমাইন্ড কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এমন প্রযুক্তি তৈরি করেছে, যা লক্ষ লক্ষ জিনের বিন্যাস বিশ্লেষণ করে তার নাড়ি-নক্ষত্রের হদিস দেবে। কোন জিনে বদল হচ্ছে, কোনটিতে লেখা আছে বিরল জিনগত রোগের ইতিহাস— তা জানিয়ে দেবে দ্রুত। ফলে রোগ নির্ণয় যেমন সহজ হবে, তেমনই তার চিকিৎসা পদ্ধতিও খুঁজে বার করতে পারবেন গবেষকেরা।
গুগ্লের এআই রিসার্চ অর্গানাইনেজশন ডিপমাইন্ডের তৈরি করা প্রথম এআই টুল ছিল ‘আলফামিসেন্স’। এটিরও কাজ ছিল জিনের ‘ডি-কোডিং করা।’ অর্থাৎ,জিনের দুরূহ তথ্য সহজ ভাষায় লিখে দেওয়া। এরই আরও উন্নত সংস্করণ হল ‘আলফাজিনোম’। জিনগত নানা রোগের নিখুঁত শনাক্তকরণের জন্যই এই প্রযুক্তিটি তৈরি হয়েছে। গুগ্ল জানিয়েছে, একসঙ্গে ১০ লক্ষের বেশি জেনেটিক কোড পড়ে ফেলতে পারবে আলফাজিনোম। দেখাবে, মানব শরীরের কোন কোন জিন খুব দ্রুত তার সাজসজ্জা বদলে ফেলতে পারে। কোন জিনের রাসায়নিক বদল (মিউটেশন) ঘটে ক্যানসার বা জটিল ব্যাধি হয়। শুধু তা-ই নয়, এ-ও বলে দিতে পারবে যে, শরীরে এমন কোনও জিন আছে কি না, যার থেকে দুরারোগ্য জিনগত ব্যধি হওয়ার ঝুঁকি আছে বা পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই ব্যধির সঞ্চার হতে পারে।







































