যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হওয়া ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিনকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন উভয় পক্ষের কর্মকর্তারা। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বুধবার এ তথ্য জানান।
তবে শান্তি আলোচনা চললেও ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
দুই দিনব্যাপী এই ত্রিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার ঠিক আগের দিন, মঙ্গলবার, ইউক্রেনজুড়ে রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুস্তেম উমেরভ বলেন, আলোচনা ছিল গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। তাঁর ভাষায়, ‘নির্দিষ্ট পদক্ষেপ ও কার্যকর সমাধান নিয়েই আলোচনা হয়েছে।’ উমেরভ বর্তমানে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাও আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন এবং জানান, বৃহস্পতিবার সকালে আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শান্তি আলোচনা যেন প্রকৃত শান্তির পথে এগোয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁর আশঙ্কা, এই আলোচনা যেন রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নতুন সুযোগ এনে না দেয়।





































