ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং খনির ভেতরে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস জেলার একটি দুর্গম এলাকায় অবস্থিত খনি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্মকর্তা মনিশ কুমার বলেন, বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পুনরায় উদ্ধার অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, খনিটি ছিল অবৈধ এবং সেখানে সরু ও গভীর গর্তের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কয়লা উত্তোলন করা হচ্ছিল। জেলা পুলিশপ্রধান বিকাশ কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিনামাইটের বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্তাধীন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া বক্তব্যে বিকাশ কুমার বলেন, বিস্ফোরণের পর এখনো কেউ সুস্থ অবস্থায় খনি থেকে বেরিয়ে আসতে পারেননি। ফলে কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং ভেতরে কতজন শ্রমিক ছিলেন—তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
আল–জাজিরা






































