উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। কিন্তু এটি এমন একটি সমস্যা, যা আগে থেকে বোঝা কঠিন। আবার অনেক সময় লক্ষণ থাকলেও তা বুঝে উঠতে দেরি হয়ে যায়। এই সমস্যা ডেকে আনতে পারে হৃদ্রোগের মতো বড় সমস্যাও। তাই বিশেষ কিছু লক্ষণ দেখতে পেলেই সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপের উপসর্গ দেখা দিতে পারে চোখেও।
বয়সের সঙ্গে সঙ্গে শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই, উচ্চ রক্তচাপ প্রভাব ফেলে চোখের ওপরেও। চোখের রেটিনায় যে রক্তনালিগুলো থাকে, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চ রক্তচাপে।
বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’। ২০১৩ সালের একটি গবেষণায় জানা যায়, এই সমস্যার সঙ্গে যোগ রয়েছে স্ট্রোকের। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’-তে আক্রান্ত রোগীদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।
তবে আয়নায় নিজের চোখ দেখে সাধারণ ভাবে এই সমস্যা ধরা যায় না। চিকিৎসকরা চক্ষু পরীক্ষার সময়ে বিষয়টি বুঝতে পারেন। তাই শুধুমাত্র চোখের সমস্যার জন্যই নয়, সার্বিক ভাবেই নিয়মিত চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কেবল রক্তচাপই নয়, একাধিক সমস্যার ইঙ্গিত মিলতে পারে চোখে। চোখের আশপাশের চামড়ায় কোনো সাদাটে উঁচু জায়গা তৈরি হলে, তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। কোলেস্টেরলের সঙ্গেও উচ্চ রক্তচাপের সমস্যার সম্পর্ক রয়েছে। তাই এই লক্ষণ দেখা দিলে আগে থেকে সতর্ক হতে হবে।







































