বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা থেকে আবারও শুরু হয়েছে। প্রথমে আগের রুটিনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। নিয়মিত রুটিন অনুযায়ী চট্টগ্রামে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলো পর্যায়ক্রমে নেওয়া হবে।
১৯ দিন বিরতির পর আজ সোমবার থেকে আবারও চট্টগ্রামের বিভিন্ন হলে বসেছেন প্রায় এক লাখ পরীক্ষার্থী।
৫ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে বন্যায় তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। নগরীতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৮ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে যায়। ১৬ জুলাই পরীক্ষা অনির্দিষ্টকালের স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষা বোর্ড।
পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে দেশের অন্যান্য জেলায় সম্পন্ন হয়েছে, কিন্তু বন্যার কারণে চট্টগ্রামে হয়নি সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়মিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে চট্টগ্রামসহ সারাদেশে পৌরনীতি ও
সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
একইভাবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডেও অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। মাদ্রাসার আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।








































