ভারতে প্রশ্নফাঁস রোধ এবং শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স (বিশেষজ্ঞ দল) গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানিকে এই টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ টাস্কফোর্সের ঘোষণা দেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার টানা কাজ করে যাচ্ছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীরা বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে এবং তাদের বিচারে দ্রুত বিচার আদালতও স্থাপন করা হয়েছে।
তিনি জানান, সোমবারই (২৭ জুলাই) সংসদে এ বিষয়ে কঠোর বিধানসহ নতুন একটি আইন প্রস্তাব পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এক সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং সর্বোচ্চ প্রযুক্তিভিত্তিক করতে দীর্ঘমেয়াদী সংস্কারের চিন্তাভাবনা থেকে নন্দন নিলেকানির নেতৃত্বে এই বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। এই টাস্কফোর্সের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে দ্রুত পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে।
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান রেখে সোমবার সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি এ নিয়ে তৃতীয়বারের মতো শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে সরাসরি বক্তব্য দিলেন।
গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (সাবেক) আকস্মিক পদত্যাগের পাশাপাশি কেন্দ্র সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো পুনর্গঠনসহ বেশ কয়েকটি বড় পদক্ষেপ নেয়।
এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল সিপিআইএম-এর রাজ্যসভার এমপি জন ব্রিটাস। তিনি প্রশ্ন তোলেন, দুই বছর আগে ২০২৪ সালের জুনে নিট-ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর গঠিত কে রাধাকৃষ্ণন কমিটির জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার প্রতিবেদনের কী অগ্রগতি হয়েছে, তা প্রধানমন্ত্রীর স্পষ্ট করা উচিত।
শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কারে গঠিত এই টাস্কফোর্সে নন্দন নিলেকানি ছাড়াও রয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা সংস্থা আইবির সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, ভারতের সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস






































