দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক লাফে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে লাগবে ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, যা প্রতি গ্রামে ১৮ হাজার ২৬৫ টাকা।
এদিকে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৩৯ টাকা। প্রতি গ্রাম হিসেবে এর মূল্য ১৫ হাজার ৬৮৫ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের অলংকার ভ্যাটসহ কিনতে খরচ হবে ১ লাখ ৪৯ হাজার ৪৮০ টাকা। প্রতি গ্রাম এ ধরনের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮১৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার অলংকারের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, অর্থাৎ প্রতি গ্রাম ৪০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা (প্রতি গ্রাম ৩৯০ টাকা)।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৯০৭ টাকায় (প্রতি গ্রাম ৩৩৫ টাকা)। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা, যা প্রতি গ্রাম ২৫৫ টাকা।
এর আগে সবশেষ গত ২৪ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।






























