রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়
সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে রাষ্ট্রপতি পদে।
আজ সোমবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেছেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মূল্যায়ন করবে দলটির নেতারাই।
এ সময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর তিনি বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।






























