কাজল চোখে দর্শক আমাকে পছন্দ করেছে : তানজিম সাইয়ারা তটিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১২:০৫ পিএম
কাজল চোখে দর্শক আমাকে পছন্দ করেছে : তানজিম সাইয়ারা তটিনী

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনীত বেশির ভাগ নাটকই ইউটিউবে ছুঁয়ে ফেলে কোটি ভিউ।
সাম্প্রতিক সময়ে ‘কাজল চোখের মেয়ে’ নাটক দিয়ে আবারো আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। নাটকটি মুক্তির পর সামাজিক মাধ্যমে দর্শকের প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তটিনী কাজলের প্রতি নিজের ভালো লাগার কথা জানান। তিনি বলেন, ‘কাজল চোখে দর্শক আমাকে পছন্দ করেছে। অনেকেই বলছে, কাজলের চোখে অন্য রকম লাগছে। কাজল এখন আমার খুবই পছন্দ। কাজল দিয়ে নিজের দিকে তাকালে মনে হয় একটু মায়াবী সুন্দর লাগছে। আমার বিশ্বাস, সবারই সুন্দর লাগে।’
তবে কাজলের প্রতি এ ভালো লাগা হুট করে তৈরি হয়নি বলেও জানান তিনি। তার ভাষায়, ‘মজার ব্যাপার হচ্ছে, যখন ছোট ছিলাম, এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়ও কাজল আমার অপছন্দ ছিল। দু-তিন বছর হলো কাজলের প্রতি টান বেড়েছে।’
তটিনীর প্রতিটি কাজই ভিউ ছাড়িয়ে যাচ্ছে কোটির বেশি। নাটকের প্রতিটি কাজেই কেন এত দর্শকপ্রিয়তা, সে প্রশ্নের জবাবে তটিনী কৃতিত্ব দিলেন পুরো টিমকেই। তিনি বলেন, ‘এটি পুরো টিমের চেষ্টা। আর আমি নিজের জায়গা থেকে কাজের প্রতি সৎ থাকি বলেই এটা সম্ভব হয়েছে। আমি সবসময় ভালো গল্প, চরিত্র, পছন্দ হলেই কাজটি করি। দর্শক হিসেবে কাজটি নিয়ে ভাবি। কাজটি আমি নিজে দেখব কিনা সেটা ভেবেই সিদ্ধান্ত নিই। যে কারণে ধারাবাহিকভাবে ভালো কাজগুলোই করতে পারছি। একটা অভিজ্ঞতা হয়েছে, কাজ ভালো হলে দর্শক দেখবেই।’
প্রতিটি কাজে দর্শকের এমন ভালোবাসা পাওয়াকে নিজের সৌভাগ্য মনে করেন তটিনী। তবে সেই সঙ্গে থাকে বাড়তি দায়িত্বের চাপও। অভিনেত্রীর ভাষ্য, ‘প্রতিটি কাজ দর্শক পছন্দ করছে, এজন্য আমি ভাগ্যবান। পরের কাজ করার আগে অবশ্যই বাড়তি চাপ তৈরি হয়। দর্শক আগের মতো কাজটি নেবে কিনা ভাবতে হয়। এজন্য আলাদা শ্রম দিতে হয়। তবে এ চাপ পজিটিভ। এ চাপের মধ্যে প্রত্যাশা আছে। নতুন কিছু করার চেষ্টা আছে।’
নাটকে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই সিনেমা থেকে ডাক পাচ্ছেন তটিনী। তবে রুপালি পর্দায় পা রাখার তাড়া নেই তার। তিনি বলেন, ‘গত দুই ঈদ থেকে অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। তবে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে।’
 

Link copied!