মা হতে চলেছেন সোহিনী? নতুন গুঞ্জনে সরগরম টলিউড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৫৬ পিএম
মা হতে চলেছেন সোহিনী? নতুন গুঞ্জনে সরগরম টলিউড

টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্বামী সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি।

আগামী ১৫ জুলাই বিবাহের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করবেন সোহিনী ও শোভন। এর মধ্যেই তাদের পরিবারে নতুন অতিথি আসার খবর ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় একটি গণমাধ্যম এ বিষয়ে জানতে শোভন গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, চলতি বছরই মা-বাবা হতে পারেন এই তারকা দম্পতি। যদিও ব্যক্তিগত এই সুখবর এখনই প্রকাশ্যে আনতে চান না তারা।

সূত্রটির ভাষ্য, “আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তবে বিষয়টি নিয়ে সোহিনী ও শোভন আপাতত সতর্ক অবস্থানেই থাকতে চান।”

ব্যক্তিজীবনে মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী। সম্পর্কের শুরু থেকেই নানা সময়ে আলোচনায় ছিলেন তারা। ২০২৪ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

অভিনয়জীবনে ২০০৬ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে যাত্রা শুরু করেন সোহিনী সরকার। ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’ ও ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন। বিশেষ করে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ফড়িং’, ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’ ও ‘বিবাহ ডায়েরিজ’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক ঘটে তার। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্নধর্মী অভিনেত্রী হিসেবে।

বর্তমানে সোহিনীর মা হওয়ার গুঞ্জন কতটা সত্য, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য না থাকলেও ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে।

Link copied!