প্রথম দিনেই ১১২ কোটি

রাম চরণের রাজকীয় কামব্যাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৪:৩৮ পিএম
রাম চরণের রাজকীয় কামব্যাক

আগের ছবি ‘গেম চেঞ্জার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন সাউথ সুপারস্টার রাম চরণের সুদিন বুঝি শেষ! কিন্তু সব জল্পনা-কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজকীয় কায়দায় বক্স অফিসে কামব্যাক করলেন এই ‘আরআরআর’ খ্যাত মেগাস্টার। রাম চরণ ও জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘পেড্ডি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সুনামি বইয়ে দিয়েছে। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১১২ কোটি রুপিরও বেশি ব্যবসা করে ওয়ানডে ম্যাচের স্টাইলে ধামাকাদার এক ‘সেঞ্চুরি’ হাঁকালেন রাম চরণ। রাজামৌলির ‘আরআরআর’-এর পর এটিই তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।

ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনার মাঝে মুক্তি পাওয়া ‘পেড্ডি’ প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই তুলে নিয়েছে ৮২.৪৯ কোটি রুপি (গ্রস)। ভারতের বাইরেও রাম চরণের ক্রেজ ছিল দেখার মতো, ওভারসিজ বা বিদেশ থেকে এসেছে আরও ৩০ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দিনের গ্লোবাল বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে এক্কেবারে ১১২.৪৯ কোটি রুপি! প্রথম দিনেই ছবিটির ১২ হাজারেরও বেশি শো চালানো হয়েছে এবং দর্শকদের পজিটিভ রিভিউয়ের কারণে রাতের শো-গুলোতে প্রায় ৭৭% সিটই হাউসফুল ছিল।
তেলেগু সিনেমার ইতিহাসে ‘পেড্ডি’ এক নতুন রেকর্ড তৈরি করল। প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করা চলচ্চিত্রের তালিকায় এটি এখন ১১তম তেলেগু ছবি। ছবিটির সিংহভাগ আয় (৪৭.২০ কোটি) এসেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে এবং হিন্দি বেল্ট থেকে এসেছে ৩ কোটি রুপি। ট্রেড বিশেষজ্ঞদের মতে, এই বাম্পার ওপেনিং প্রমাণ করে দিল যে— গল্প এবং মেকিং যদি ঠিকঠাক হয়, তবে রাম চরণের ব্র্যান্ড ভ্যালু একাই যেকোনো ছবিকে ব্লকবাস্টার বানানোর জন্য যথেষ্ট।
রাম চরণের অ্যাকশন, ইমোশন আর দুর্ধর্ষ নাচে বুঁদ হয়ে আছেন দর্শকেরা। নামী গণমাধ্যম এনডিটিভি ছবিটিকে প্রশংসা করে লিখেছে, ‘পেড্ডি সিনেমার আসল হিরো রাম চরণ। এই মেঠো ও রাফ-অ্যান্ড-টাফ চরিত্রে তিনি নিজের সেরাটা দিয়েছেন। ছবির পরিচালক বুচি বাবু সানা দর্শকদের মস্তিস্কে ঝড় তোলার মতো হিরোইক দৃশ্য আর রাম চরণের সিগনেচার ড্যান্স স্টেপগুলো এমনভাবে পর্দায় এনেছেন, যা সিনেমা হলে দর্শকদের শিষ ও তালি বাজাতে বাধ্য করছে।’
ছবিটিতে রাম চরণ ও শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর ছাড়াও খলচরিত্রে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউডের বোমান ইরানি ও ‘মির্জাপুর’ খ্যাত দিব্যেন্দুর (মুন্না ভাইয়া) অভিনয় দর্শকদের দারুণ বিনোদন দিচ্ছে। বিতর্ক যতই থাক, কমার্শিয়াল সিনেমার বাজারে রাম চরণের এই ১১২ কোটির ধামাকা যে চলতি বছরের অন্যতম বড় রেকর্ড, তা বলাই বাহুল্য!

Link copied!