রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত দুদিন মৃত্যুর সংখ্যা কম ছিল এবং সোমবার (২৫ অক্টোবর) কেউ মারা যায়নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। পজিটিভ হয়ে মারা গেছেন একজন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে এবং রাজশাহীর তিনজন মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ৯৬ জন, এদের মধ্যে পজিটিভ ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এ নিয়ে ১০৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০ জন। রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০১.০২ শতাংশ।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে পাওয়া তথ্যে করোনায় কেউ মারা যাননি বলে উল্লেখ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার হাসপাতালের করোনা ইউনিটে চারজন এবং বুধবার দুজনের মৃত্যু খবর পাওয়া যায়।






































