পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন জেলার এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের এসপি মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং ডিএমপির উপকমিশনার কামরুল হাসানকে ময়মনসিংহের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়ার এসপি শাহাদাত হোসেনকে এপিবিএনে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে। খাগড়াছড়ি জেলার নতুন এসপি হয়েছেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার।
সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে পাঠিয়ে তার স্থলে জামালপুরের এসপি চৌধুরী যাবের সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিন। এছাড়া বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমান।
এর আগে মঙ্গলবারও পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়। ওই আদেশে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে এপিবিএন-৫ এর অধিনায়ক মোহাম্মদ হারুন-অর-রশীদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

































