সাতক্ষীরায় জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:২৩ পিএম
সাতক্ষীরায় জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ

দুটি ট্রাক ও একটি নসিমন গাড়ি থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর জেলি, পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এসময় মানবদেহে ক্ষতিকর অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ বাজারজাত করার দায়ে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এসব চিংড়ি মাছ জব্দ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরার কতিপয় অসাধু ব্যবসায়ী কর্তৃক অপদ্রব্য পুশকৃত বিপুল পরিমাণ বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সদর উপজেলা পরিষদের সামনে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে দুটি ট্রাক ও একটি ইঞ্জিনচালিত নসিমন ভর্তি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি মাছগুলি সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে, জব্দকৃত ২ হাজার ৬৬৪ কেজি চিংড়ি মাছের মধ্যে ১৬৪ কেজি বাগদা চিংড়ি, মাছে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ শনাক্ত করে। 

এরপর সেটি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি মাছের বাজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা। এছাড়া অপদ্রব্য, পুশহীন ২ হাজার ৫০০ কেজি চিংড়ি মাছসহ দুটি ট্রাক ও একটি নসিমন এবং তাদের চালক ও হেল্পারদের ছেড়ে দেওয়া হয়।  

এসময় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অপরাধে উক্ত মৎস্য ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য, পুশকৃত চিংড়ি মাছগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Link copied!