একই বাড়ির দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের মরদেহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০১ পিএম
একই বাড়ির দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

কুমিল্লার চান্দিনায় একই বাড়ির দুটি আলাদা কক্ষ থেকে মা ও তার সাত বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– সাঁকোচ গ্রামের মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার ছোট মেয়ে ফাসিহা (৭)। মুজাহিদুল ইসলাম বর্তমানে রাজধানীতে একটি মসজিদে ইমামতির পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ফারহানা তিন সন্তানের জননী ছিলেন। তার ছেলে বাবার সাথে ঢাকায় থাকে এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারহানা বাড়িতে তার শাশুড়ি কদরবানু ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন। আজ রোববার সকালে শাশুড়ি তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে তারা একটি জানালা ভেঙে ভেতরে উঁকি দেন। তখন একটি কক্ষে শিশুটিকে এবং পাশের কক্ষে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শিশু কন্যাকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আমরা এসে একই ঘরের দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা মরদেহ দুটি নিচে নামিয়ে রেখেছিলেন। কি কারণে এ ঘটনা ঘটল, তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

Link copied!