ইরানের ২০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:৩২ পিএম
ইরানের ২০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হামলা শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরান সরকারের মালিকানাধীন ২০টিরও বেশি জাহাজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, মঙ্গলবার রাতে চালানো একটি হামলার পর তারা এই তালিকায় একটি 'সোলাইমানি-ক্লাস' যুদ্ধজাহাজ যুক্ত করেছে।

আগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, তারা সেখান থেকে অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করেছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা।

Link copied!