মুহিবুল্লাহ হত্যা: ২ আসামির রিমান্ড শুনানি আজ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১১:২১ এএম
মুহিবুল্লাহ হত্যা: ২ আসামির রিমান্ড শুনানি আজ

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ আসামির মধ্যে ২ জনের রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের কোর্ট হাজতে আনা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে তোলা আসামিরা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

ওসি সঞ্জুর মোর্শেদ জানান, এ পর্যন্ত মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এপিবিএন তিনজন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শওকত উল্লাহ ও মোহাম্মদ সেলিমকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই হাবিবুল্লাহ উখিয়া থানায় একটি মামলা করেন।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিম (৩৩) এবং শনিবার (২ অক্টোবর) ভোররাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে উখিয়া থানা পুলিশ শওকত উল্লাহকে (২৩)  কুতুপালং ক্যাম্প থেকে গ্রেপ্তার করে।

Link copied!