ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দুই মাসের শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), গফরগাওয়ের হুজাইফা (২ মাস), নান্দাইলের সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জের আব্দুস সালাম (৫৫)।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান (৭০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন। মোট চিকিৎসাধীন আছেন ১৯৭ জন। এদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান এই চিকিৎসক।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।







































