টিকার আওতায় আসছে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৯:০১ এএম
টিকার আওতায় আসছে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরা

সিলেটে কোভিড-১৯ টিকার আওতায় আসছে এইচএসসি ও সমমানের ৬৭ হাজার পরীক্ষার্থী। বুধবার (১৭ নভেম্বর) থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) সিলেট অঞ্চল ও জেলা সিভিল সার্জন অফিস। প্রাথমিকভাবে বুধবার সিলেট ও হবিগঞ্জে এ কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় টিকাদান শুরু হবে। পর্যায়ক্রমে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা এ টিকার আওতায় আসবে।

মাউশি সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই আলোকে সিলেট অঞ্চলের সকল কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমদিকে এইচএসসি পরীক্ষার জন্য যারা ফরম পূরণ করেছে, তাদেরকেই টিকা প্রদান করা হবে। পরীক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নমুনা টিকা কার্ড সংগ্রহ ও পূরণ করে তা সাথে নিয়ে আসতে হবে। পরে সুরক্ষা অ্যাপসে নিবন্ধন সম্পন্ন সাপেক্ষে তারা টিকার সনদ পাবে।

শিক্ষা অফিস সূত্রে আরও জানা গেছে, সিলেটের পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ফাইজারের টিকা প্রদান করা হবে। ওই কেন্দ্রে কয়েকটি বুথের মাধ্যমে এ কার্যক্রম চলবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। তবে পরীক্ষার্থীরা কোনো কেন্দ্র থেকে টিকা গ্রহণ করবে তা স্ব স্ব প্রতিষ্ঠানকে জানিয়ে দেবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস।

আরও জানা গেছে, সিলেট নগরীর যে সকল প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে সেসব প্রতিষ্ঠানকে টিকাদান কেন্দ্র হিসেবে নির্বাচন করার কাজ কাজ চলছে। আপাতত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পরবর্তীতে কেন্দ্র বাড়ানো হবে। এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে আলোচনা করছে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান বলেন, সিলেট শিক্ষাবোর্ডের তথ্যমতে এ বছর প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র পরীক্ষার্থীদেরই টিকার আওতায় আনা হবে। বুধবার থেকে টিকাদান শুরু হবে। সিলেট সরকারি মহিলা কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তিনি বলেন, বুধবার সিলেট ও হবিগঞ্জে এ কার্যক্রম শুরু হচ্ছে। পরের দিন বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হবে। প্রত্যেক জেলার সিভিল সার্জনের সাথে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস সমন্বয় করে এ কার্যক্রম চালাবে। উপজেলা পর্যায়ের পরীক্ষার্থীদের কীভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে সে ব্যাপারে সিভিল সার্জনদের সাথে আমাদের আলাপ-আলোচনা চলছে। তবে এইচএসসি পরীক্ষা শুরুর আগে সকল পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, আপাতত সিলেটে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। পরবর্তীতে প্রয়োজনে কেন্দ্র বাড়ানো হবে।

Link copied!