মঞ্চে আসেন কিংবদন্তি রোনালদো নাজারিও। দুই বারের ব্যালন ডি’অর জয়ী এই ব্রাজিলিয়ান তারকাই ঘোষণা করবেন ব্যালন ডি’অর ২০২৬ বিজয়ীর নাম।
ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো অডিটোরিয়াম হ্যারি..হ্যারি..ধ্বনিতে মুখর হয়ে উঠে। হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর।
‘বিশ্বকাপ ট্রফির ঘরে’ ফেরা না হলেও ২৫ বছর পর ব্যালন ডি’অর জিতেছেন এক ইংলিশ ফুটবলার।
ট্রফি হাতে নিয়ে কেইন প্রথমে বায়ার্নের সতীর্থদের ধন্যবাদ দিলেন, ‘তোমরা পাশে না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তোমরা আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।’
এরপর তিনি স্মরণ করেছেন ক্লাবের কোচকে , ‘ভিনিকে (ভিনসেন্ট কোম্পানি) ধন্যবাদ জানাতে চাই। তিনি হয়তো বাড়িতে আছেন বা হাসপাতালে, তার সুস্থতা কামনা করছি।’
ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ‘বায়ার্ন মিউনিখের হয়ে খেলা আমার জন্য সম্মানের বিষয়। এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই অনেক বড় সৌভাগ্য। এই ট্রফিটি আবার বায়ার্ন মিউনিখে ফিরিয়ে আনতে পেরে আমি আনন্দিত।’
সবশেষে ইংলিশ অধিনায়ক জাতীয় দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমার ইংল্যান্ড দলের সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। এই বছরটি আমাদের জন্য বিশেষ ছিল। একেবারে নিখুঁত ছিল না, তবে অনেক দারুন মুহূর্ত ছিল। বিশ্বকাপের সময় হোটেলে আমাদের মধ্যে যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া ছিল, তা অসাধারণ। এই দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের, এটি আমাকে ভীষণ গর্বিত করে।’
এরপর যোগ করেন, ‘নিঃসন্দেহে, এই পুরস্কার আমাদের সবার জন্য ‘
মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিয়া পুতেয়াস। তার হাতে ট্রফি তুলে দিয়েছেন মাইকেল ওয়েন। গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে তিনি প্রায় সব ট্রফিই জিতেছেন। লা লিগা, কোপা দেল রেইনা, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ জয়ী বার্সা অধিনায়ক বলেছেন, ‘এটা আমার জন্য গৌরবের। আমার দলের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।’
সেরা স্ট্রাইকার হ্যারি কেইন
বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন হ্যারি কেইন। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অ্যালান শিয়েরার। গত মৌসুমে তার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল।
মেয়েদের বিভাগে সেরা স্ট্রাইকার হয়েছেন মেক্সিকোর ক্লাব পাচুয়ার শার্লিন কোরাল।
সেরা ক্লাবের ট্রফি জিতেছে পিএসজি। খেলা থাকায় পুরো দল অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, প্রতিনিধি হয়ে এসেছেন উসমান দেম্বেলে। ট্রফি হাতে নিয়ে এই পিএসজি স্ট্রাইকার ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে কোচ, ক্লাব স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
পুরস্কারে স্পেনের জয় জয়কার
লন্ডনে সেরার মঞ্চে স্পেনের জয়জয়কার। সেরা গোলরক্ষকের ট্রফি জিতেছেন উনাই সিমন। স্পেনের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক তিনি।
মেয়েদের ফুটবলেও সেরা গোলরক্ষক বার্সেলোনার কাতা কোল।
সেরা কোচ দে লা ফুয়েন্তে
ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের ট্রফি জিতেছেন লুইস দে লা ফুয়েন্তে। এই স্প্যানিশ কোচের অধীনে এ বছর বিশ্বকাপ জিতেছে স্পেন।
সেরা নারী কোচ রোমেউ
মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচ হলেন বার্সেলোনার নারী দলের কোচ পেরে রোমেউ। তার হাতে ট্রফি তুলে দিলেন আরেক বিখ্যাত কোচ রাফা বেনিতেজ।
মেয়েদের বিভাগে সেরা তরুণ ফুটবলার হয়েছেন বার্সার মিডফিল্ডার ভিকি লোপেজ।
সেরা তরুণ ফুটবলার ইয়ামাল
সেরা তরুণ ফুটবলারের পুরস্কার দিয়ে শুরু হয়েছে ব্যালন ডি’অর। এটা জিতেছেন লামিনে ইয়ামাল। তার মতে, ‘এ পুরস্কার কুবারসির হাতেই ভালো মানাতো।’





















