‘বিশ্বাস ছিল ৪৩০ করে জিততে পারব : জয়ের পর মেন্ডিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০১:২১ পিএম
‘বিশ্বাস ছিল ৪৩০ করে জিততে পারব : জয়ের পর মেন্ডিস

৪৩০ রানের টার্গেট দেখে কয়জনই বা বলতে পারে, এই ম্যাচটাও আমরা জিতব! রূপকথার এক গল্প লিখে ঠিক এই কাজটাই করে দেখালো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলছেন, দলের সবার বিশ্বাস ছিল এই টার্গেট তারা টপকাতেন পারবেন।

হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৪২৯ রানের পাহাড়সম স্কোর দাঁড় করিয়েছিল ইংলিশরা। রাওয়ালপিন্ডিতে এক বল বাকি থাকতেই সেটা টপকে যায় শ্রীলঙ্কা।

জয় নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক মেন্ডিস ম্যাচশেষে বলেন, 'সবারই বিশ্বাস ছিল যে, আমরা ৪৩০ রান করতে পারব। আমরা প্রতিদিন মিটিংয়ে নিজেদের মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলি। নিজেদের ওপর বিশ্বাস রাখি। সবাই জানে কীভাবে খেলতে হয়, আর আজকে রান তাড়ার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে, আমরা ভালো খেলতে পারি এবং বড় স্কোর গড়তে পারি। আমি সত্যিই খুব খুশি।'

রান তাড়া করতে ব্যাটিং পরিকল্পনার কথা জানিয়ে মেন্ডিস বলেন,' কোচ ও আমি আলোচনা করছিলাম যে, আমাদের শুরুর কয়েক ওভার স্বাভাবিক খেলতে হবে। এরপর পরিস্থিতি বুঝে এগোতে হবে। আমরা ঠিক করলাম, দাসুনকে একটু আগেভাগে নামানো যায় কি না। আমার মনে হয়, ছেলেরা সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। প্রত্যেকেই দৃঢ় মানসিকতা দেখিয়েছে এবং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমার মনে হয়, এই কারণেই আমরা ৪৩০ রান তাড়া করতে পেরেছি।'

ব্যাটারদের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান অধিনায়ক, ‘আভিস্কা, পাভান, দাসুন, জানিথ-সবাই দারুণ ব্যাটিং করেছে। সবাই নিজেদের মানসিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসেবে আমি খুবই আনন্দিত।'

Link copied!