বিশ্বকাপের পর থেকেই চলছিল আলোচনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল স্কালোনি কি কোচের পদ থেকে সরে যাচ্ছেন? তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এলো সুখবর। জানা গেছে, আগামী বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থেকে যেতে রাজি হয়েছেন স্কালোনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বেশ কিছু শর্তে আর্জেন্টিনায় থেকে যেতে রাজি হয়েছেন স্কালোনি। শর্তগুলো অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি। প্রাথমিকভাবে তিনি ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন। দুই পক্ষ সম্মত হলে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বর্ধিত করার সুযোগ থাকবে।
জানা গেছে, কিছুটা সময় নিয়ে চিন্তা করার পর এবং সাম্প্রতিক ফিফা উইন্ডোতে ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর স্কালোনি দায়িত্বে থাকতে রাজি হয়েছেন। এর মাধ্যমে ২০১৮ সাল থেকে শুরু হওয়া তার কোচিংয়ের মেয়াদ টানা ১০ বছরের দিকে গড়াচ্ছে।
আগামী কয়েকদিনের মধ্যে অথবা ৯-১৭ নভেম্বরের ফিফা উইন্ডোর সময় যখন স্কালোনি দেশে থাকবেন, তখন একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আর্জেন্টিনা আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ও ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে স্কালোনির এই মেয়াদের চুক্তির সময়কাল।
এর আগে গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আর্জেন্টিনার কোচ। সেদিন স্কালোনি বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাব।’ তবে চুক্তি নবায়নের বিষয়ে তখনও নতুন কোনো খবর নেই বলেও জানিয়েছিলেন তিনি।



























