দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ১২:১৩ এএম
দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আবার স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম রুটের ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদ রুটেও ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এ বিষয়ে জানান, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমানের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং সেখান থেকে দেশে ফিরতে পারবেন।

বিমান কর্তৃপক্ষ টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
 

Link copied!