পুরুষই যে উচ্চাভিলাষী নারীদের ভয় পায়, এমনটা ভাবা ভুল : রাধিকা আপ্তে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০১:৩৫ পিএম
পুরুষই যে উচ্চাভিলাষী নারীদের ভয় পায়, এমনটা ভাবা ভুল : রাধিকা আপ্তে

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্টার ড্রামা ‘আক্কা’-র মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে বলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রির ভেতরের পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে কথা বললেন দুই জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ জানান, ক্যারিয়ারে এমন কিছু পুরুষ সহ-অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে তিনি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যারা একজন নারীর সফলতা বা উচ্চাকাঙ্ক্ষা সহজে মেনে নিতে পারত না।

কীর্তির কথায়, ‘আমি বুঝতে পারতাম না সমস্যাটা কোথায়। একসময় মনে হতো হয়তো দোষটা আমারই, আমিই হয়তো হীনম্মন্যতায় ভুগছি। কিন্তু পরে ভুল ভাঙে। বুঝলাম, ওদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব আর হীনম্মন্যতাই আসলে আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।’

একই ইস্যুতে কথা বলতে গিয়ে রাধিকা আপ্তে জানান, সব পুরুষই যে উচ্চাভিলাষী নারীদের ভয় পায়, এমনটা ভাবা ভুল। অনেক পুরুষ সহকর্মীও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তবে রাধিকা আক্ষেপ করে যোগ করেন যে, সেটে নারীদের কাছ থেকে অনেক সময় যে সমর্থন আশা করা হয়, তা মেলে না, বরং বেছে বেছে ‘সিস্টারহুড’ চর্চা করা হয়।
সাধারণত গ্যাংস্টার বা অ্যাকশন থ্রিলারে পুরুষ চরিত্রদেরই রাজত্ব দেখতে অভ্যস্ত দর্শক। তবে সেই ছক ভাঙতেই নেটফ্লিক্সে আসছে নারী-প্রধান পিরিয়ড গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’।

আগামী ৩০ অক্টোবর স্ট্রিমিং হতে যাওয়া এই প্রজেক্টে কীর্তি ও রাধিকার পাশাপাশি দেখা যাবে মহেশ মাঞ্জরেকর ও তানভী আজমির মতো অভিজ্ঞ তারকাদের। নারীদের নিয়ে তৈরি এই অ্যাকশন ড্রামা বিনোদন দুনিয়ায় এক নতুন বিপ্লব আনবে বলেই বিশ্বাস দুই তারকার।

Link copied!