নরসিংদীতে ডাইং কারখানার বয়লারে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ১১:৪৭ পিএম
নরসিংদীতে ডাইং কারখানার বয়লারে আগুন

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বুধবার বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি।

দগ্ধরা হলেন জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)। তাঁরা সবাই ওই কারখানার শ্রমিক ও কর্মচারী।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ।

তিনি জানান, জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে টিপু ও জামালকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কারখানার একটি বয়লারে আগুন লাগে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজে যোগ দেয়।

পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘‘বয়লারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’’

Link copied!