৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১২:২২ পিএম
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে মোট কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি আসতে পারেন এই প্রস্তাবের আওতায়।

 সোমবার মাইক্রোসফট এ প্রস্তাবের কথা জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা এ প্রস্তাবের আওতায় রয়েছেন। এর মধ্যে এআই অভিজ্ঞতা, কোপাইলট, অর্থ বিভাগ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ ও ডিভাইসেস বিভাগের কর্মীরা রয়েছেন।

তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ কর্মসূচির বাইরে থাকবেন বলে জানান ওই কর্মকর্তা।

মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান কর্মীদের কর্মীদের পাঠানো এক বার্তায় জানিয়েছেন, যারা এখানকার চাকরি ছেড়ে অন্য কোথাও কাজ করতে চান, তাদের জন্য মাইক্রোসফটের এই পদক্ষেপ সহায়ক হবে। এতে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কর্মীসংখ্যা সমন্বয় করতেও সহায়ক হবে।

মাইক্রোসফট জানিয়েছে, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু বিভাগের ৭০ বা তার নিচের গ্রেডের কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়ার এ প্রস্তাবের আওতায় আসবেন।

অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো মাইক্রোসফটও এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও চিপে করছে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ। তবে এ বিপুল ব্যয়ের বিপরীতে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের।

২০২৬ সালের জন্য মাইক্রোসফট মূলধনি ব্যয় ১৭৫ বিলিয়ন ডলার নির্ধারণের পূর্বাভাস দিয়েছে। আগামী বুধবার বাজার বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা রয়েছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হলে তা হবে প্রতিষ্ঠানের মোট কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি।

এর আগে চলতি বছরের শুরুর দিকেও যুক্তরাষ্ট্রে নিজেদের কর্মীদের প্রায় ৭ শতাংশ (প্রায় ৯ হাজার) কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট।

এ ছাড়া জুলাইয়ে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। যা বিশ্বজুড়ে তাদের মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। সে সময় এক্সবক্স গেমিং ব্যবসায় পুনর্গঠন এবং আরও পাঁচটি গেম স্টুডিও বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

সূত্র  : রয়টার্স

Link copied!