ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো এক দিন কাটিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। ৬ বল খেলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফিরেছেন।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৬ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস থেমেছে মাত্র ২৪৬ রানে। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন কিউই পেসার ম্যাট হেনরি। রাউন্ড দ্য উইকেট থেকে হঠাৎই ভেতরে ঢোকা এক বল জয়সওয়ালের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প উপড়ে দেয়। এ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অষ্টমবারের মতো শূন্য রানে (ডাক) আউট হলেন জয়সওয়াল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৭টি ডাক নিয়ে এতদিন যৌথভাবে সর্বোচ্চসংখ্যক শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড ছিল বিরাট কোহলি এবং জয়সওয়ালের। এবার জয়সওয়াল এককভাবে এই রেকর্ডের মালিক হলেন। এছাড়া প্রথম ভারতীয় বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তিনি ‘সেনা’ খ্যাত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া- চার দেশেই টেস্টে অন্তত একটি করে শূন্য রানে আউট হয়েছেন!
চার দেশের মধ্যে ইংল্যান্ডে ২টি, অস্ট্রেলিয়ায় ২টি, দক্ষিণ আফ্রিকায় ১টি এবং নিউজিল্যান্ডে ১টি করে ‘ডাক’ মেরেছেন জয়সওয়াল। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান করেছেন মিডল অর্ডারে নামা ধ্রুব জুরেল। এছাড়া আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন বোলার আকাশ দীপ। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ৪০.৪ ওভারে ৩ উইকেটে ১১৯ রান তুলেছে। লিড হয়েছে ২২৯ রানের।

















