মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হোঁচট খেয়েছে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘গানমাস্টার জি৯’। আয়ের খাতায় আশানুরূপ সাড়া না মিললেও, সিনেমাটি এখন আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক বিতর্কে।
সিনেমাটিতে অভিনেত্রী অবনীত কৌরের একটি নাচের গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
সম্প্রতি অবনীতর এই বিশেষ গানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নারীকে পণ্য হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।
এমনকি ‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী কাপুরের নাচের সঙ্গেও এই গানটির তুলনা টানছেন দর্শকেরা।
অবনীতের নাচের ভিডিওর নিচে ক্ষোভ উগরে দিয়ে এক নেটিজেন লিখেছেন, “অবনীত কৌরের বয়স সবে ২৫ হলো, আর এসব কী ধরনের নাচের স্টেপ? জঘন্য। তাকে কেন এমন আইটেম গানে ঠেলে দেওয়া হচ্ছে, আর এসবের আদৌ কী প্রয়োজন ছিল? আগে ‘পেড্ডি’, তারপর ‘ইথা’, আর এখন এটা। অভিনেত্রীদের এভাবে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা কবে বন্ধ হবে?”
কোরিওগ্রাফি নিয়ে প্রশ্ন তুলে আরেকজন লিখেছেন, “এটা কী ধরনের কোরিওগ্রাফি? ‘পেড্ডি’র গানের সময় যেমন ক্ষোভ দেখেছিলাম, এখানে তেমনটা দেখছি না কেন?”
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা অবনীতের এমন গানে অংশ নেওয়াটাও মেনে নিতে পারছেন না অনেক ভক্ত।
একজন আক্ষেপ করে লিখেছেন, “অভিনয়ের বেশ ভালো প্রতিভা ছিল ওর, ইনস্টাগ্রামের তথাকথিত ইনফ্লুয়েন্সার হওয়ার চক্করে সব শেষ করে দিল। ‘আলাদিন’, ‘মর্দানি’র মতো শো আর সিনেমায় কত ভালো অভিনয় করেছিল, আর এখন পুরো ক্যারিয়ার চলছে ইনস্টাগ্রামে শরীর দেখিয়ে।”
একদিকে গান নিয়ে নেতিবাচক আলোচনা, অন্যদিকে প্রেক্ষাগৃহেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘গানমাস্টার জি৯’। ইমরান হাশমি, জেনেলিয়া ডি’সুজা ও অপারশক্তি খুরানা অভিনীত সিনেমাটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বক্স অফিসের তথ্য প্রদানকারী সংস্থা স্যাকনিল্ক জানিয়েছে, প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে মাত্র ৩.৬৫ কোটি রুপিতে। অথচ মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম দিনে ছবিটি অন্তত ৬ থেকে ৮ কোটি রুপি আয় করবে।
















