বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’কে সম্ভাব্য ফ্লপ উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি রিল পছন্দ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিভাশ্বন চৌধুরী নামের এক ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতা ইনস্টাগ্রামে ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে সমালোচনামূলক একটি রিল প্রকাশ করেন। সেখানে সিনেমাটির বক্স অফিসে সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এটিকে সম্ভাব্য ফ্লপ হিসেবে উল্লেখ করা হয়। সেই রিলেই প্রিয়াঙ্কা চোপড়া লাইক দিয়েছেন বলে দাবি করেন ভিভাশ্বন।
পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার লাইক দেওয়ার একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নিজের বক্তব্যের প্রতি সমর্থন জানানোর জন্য অভিনেত্রীকে ধন্যবাদও জানান। তবে পরবর্তী সময়ে প্রিয়াঙ্কা ওই রিল থেকে লাইক সরিয়ে নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ অভিযোগ করেন, ‘রামায়ণ’-এর সাফল্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রিয়াঙ্কা। আবার কেউ প্রশ্ন তুলেছেন, যে হিন্দি চলচ্চিত্রশিল্প তাকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেই শিল্পের একটি বড় সিনেমা নিয়ে এমন নেতিবাচক অবস্থান কেন?
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কী লজ্জার! তার কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম।’ আরেকজনের মন্তব্য, ‘রামায়ণ’ সিনেমায় অভিনয়ের সুযোগ না পাওয়ায় হয়তো ক্ষুব্ধ প্রিয়াঙ্কা। কেউ কেউ আবার তার আসন্ন সিনেমা ‘বারাণসী’র ক্ষেত্রেও একই ধরনের সমালোচনার মানদণ্ড প্রয়োগ করা হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন।
তবে প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবে ওই রিলকে সমর্থন করেছেন, এমনটা মনে করছেন না সবাই। সামাজিক মাধ্যমের কয়েকজন ব্যবহারকারীর ধারণা, ভুলবশত রিলটিতে লাইক পড়ে যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন, ভিন্নমত প্রকাশ করা কোনো কনটেন্টে প্রতিক্রিয়া জানানোর অধিকার তারকাদেরও রয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তিনি বিতর্কের জবাব দেবেন, নাকি নীরব থাকবেন, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে পরবর্তী সময়ে দেখা যাবে নির্মাতা এসএস রাজামৌলির সিনেমা ‘বারাণসী’তে।












