রাজধানীসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০২:৩২ পিএম
রাজধানীসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।


এ ছাড়া গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৭ প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

]
বিজিবি সদর দপ্তর জানায়, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা মাঠে কাজ করছেন।


মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি বদ্ধপরিকর।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!