ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে শেষবারের মতো সাদা জার্সিতে দেখা যাবে তাকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
শনিবার মিরপুরে বিসিবির সভা শেষে সংবাদ সম্মেলনে এসে খুব সংক্ষিপ্ত ঘোষণা দেন তামিম। বিসিবির সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ঘোষণায় তামিম বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। সে বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এর পর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’
কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন তামিম, ‘কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।’
তবে মুশফিকের অনাড়ম্বর ঘোষনায় অনীহা থাকলেও বিসিবি এর বিপক্ষে। এই ব্যাটারের দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও অবদানকে সামনে এনে তাকে যথাযথ বিদায় জানাতে চান তামিম, ‘বিসিবির পক্ষ থেকে আমরা তাকে শুধু ধন্যবাদই জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটে তিনি যে অবদান রেখেছেন, সেটির স্বীকৃতি দিতে চাই। তিনি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, অনেক অনেক ক্রিকেটারের, এমনকি অসংখ্য বাচ্চাদের আদর্শ ও অনুপ্রেরণা। বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত তিনি।’
তামিম মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের নান দিকগুলো সামনে এনেছেন সংক্ষেপে। তবে সমর্থকদের জন্য মুশফিকের ভালো অর্জনগুলো মনে রাখার আহবান জানিয়েছেন, ‘আমি নিশ্চিত, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে কিছু হতাশা আছে, সমালোচনা আছে, নানা ঘটনা আছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের কথা বিবেচনা করে আসুন, আমরা সবাই মিলে তাঁর অর্জনগুলো উদ্যাপন করি।’
তাই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিসিবির সভার আর কোনো বিষয় সামনে আনতে চাননি তামিম। শুধু মুশফিকের বিদায়ের গুরুত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘আজ অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, এটিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের সবারই এর গুরুত্ব অনুধাবন করা উচিত ও বিষয়টিকে যথাযথ সম্মান জানানো উচিত।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক। লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। চাইলে সেই লর্ডসেই অবসর নিতে পারতেন তিনি। লর্ডসে বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে ছন্দ হারানো মুশফিক সে পর্যন্ত অপেক্ষা করলেন না।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। পরে আরও দুবার করেন ডাবল। বাংলাদেশের আর কেউ করতে পারেননি একাধিক ডাবল সেঞ্চুরি। কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডও গড়েছেন মুশফিক। আরও ৮ জন কিপার টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেও, একাধিকবার এই কৃতিত্ব শুধু মুশফিকের।
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেন মুশফিক। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৭ টেস্টে আর ড্র করেছে ৯ ম্যাচ। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ। একাধিক ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেওয়াদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম।
১০৮ টেস্টে মুশফিকের রান ৭০৬২। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি খেলেছেন ১০০ টেস্ট। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন মুশফিক। বাংলাদেশের এ কিংবদন্তি জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে।
এরপর সর্বশেষ ওয়ানডে খেলেন গত বছরে ফেব্রুয়ারিতে। বাংলাদেশের মিডলঅর্ডারের শূন্যতার জন্য অনেকে ওয়ানডেতে ফেরাতে বলেছিলেন মুশফিককে। কিন্তু ৩৯ বছর বয়সী মুশফিক সিদ্ধান্ত নিলেন থামার। দক্ষিণ আফ্রিকা সফরটিই তাই জাতীয় দলের হয়ে তার শেষ বিদেশ সফর।














